রোহিত শর্মার ওপর ভরসা নেই ভারতের: গাভাস্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৯:৫১ পিএম
রোহিত শর্মার ওপর ভরসা নেই ভারতের: গাভাস্কার

পাকিস্তানের কাছে শোচনীয় হারের পর নিউজিল্যান্ডের সঙ্গে পরাজয়ে সমালোচনার ঝর বয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের ওপর। এবার দেশটির কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারও যোগ দিলেন সেই দলে।

অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি ব্যাটিং লাইনআপ নির্বাচন নিয়েও সমালোচনা করেছেন তিনি। একইসঙ্গে রোহিতের ওপর দল ভরসা করেনি বলেও চটেছেন এই বর্ষীয়ান ক্রিকেটার।

দীর্ঘদিন ধরে ওপেনিং পজিশনে খেলতে অভ্যস্ত রোহিতকে নেতিবাচক বার্তা দেওয়া আর ঈশান কিষানের ব্যর্থতা নিয়েও মুখ খুলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন, “ঈশান কিষান ‘হয় ছক্কা নাহয় ফক্কা’ ধাঁচের ক্রিকেটার। ৪ অথবা ৫-এ নামা জরুরি ছিল তার। রোহিত শর্মাকে দলের পক্ষে বলা হয়েছে, ট্রেন্ট বোল্টের বল খেলার ক্ষেত্রে তোমার ওপর ভরসা নেই।”

নিউজিল্যান্ডের বিপক্ষে কেএল রাহুলের সঙ্গে ঈশান কিষানকে ওপেন করতে নামিয়ে চমক দেয় ভারত। রোহিত ও কোহলি নামেন তাদের পরে। তবে ব্যাটিং অর্ডার পরিবর্তন করেও বড় স্কোর গড়তে ব্যার্থ হয় ভারত। এই পরাজয়ে টুর্নামেন্টের থেকেই বিদায়ের আশঙ্কায় ভুগছে দলটি।
 

Link copied!