১৮৭৭ সালে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত মালবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। আগামী বছর তার ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে এই মেলবোর্নেই।
ফ্লাডলাইটের আলোয় আগামী বছর ১১ মার্চ থেকে ১৫ পর্যন্ত এমসিজিতে টেস্ট ম্যাচ খেলবে প্রথম টেস্টের দুই দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এই ম্যাচের মাধ্যমে একই ভেন্যুতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচকে স্মরণ করা হবে।
আর টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসসহ বৈশ্বিক ক্রিকেটের কিংবদন্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে আয়োজকরা। ম্যাচটির এক বছর আগেই টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া পড়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান টড গ্রিনবার্গ বলেন, ‘রাজা অথবা রাজপরিবারের কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য আমরা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সরকারের মাধ্যমে যথাযথভাবে আমন্ত্রণ জানিয়েছি। এটি আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’
বার্তা সংস্থা এএফপিকে সিএ নিশ্চিত করেছে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। গ্রিনবার্গ বলেন, ‘আধুনিক টেস্ট ম্যাচ অনেক সময় পঞ্চম দিন পর্যন্ত গড়ায় না, তাই আমরা চাইবো, রাজা ম্যাচের শুরুতে উপস্থিত থাকুন। প্রথম দিনে প্রথম বলেই রাজপরিবারের কারও উপস্থিত থাকাটা আমরা নিশ্চিত করবো।’
এমসিজিতে এটাই হবে ছেলেদের প্রথম দিবা-রাত্রির টেস্ট। ব্যালটের মাধ্যমে টিকিট বিক্রি শুরুর পরই ইতিমধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে, যেখানে প্রথম তিন দিনের বেশির ভাগ টিকিটই শেষ।
গ্রিনবার্গ বলেন, ‘এই টেস্ট ম্যাচ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিনোদন ও আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের দারুণ কিছু পরিকল্পনা রয়েছে, যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদযাপন করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই সব কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাব, যারা টেস্ট ক্রিকেটকে এত দারুণ ও স্থায়ী এক থিয়েটারে পরিণত করেছেন। মেলবোর্নে বিশ্ব ক্রিকেটপরিবারকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’


































