জয়ের জন্য শেষ দিনে ৬ উইকেট চাই বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৩:৫৭ পিএম
জয়ের জন্য শেষ দিনে ৬ উইকেট চাই বাংলাদেশের
দুই অধিনায়কের সঙ্গে দুই আম্পায়ার। ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসে লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অবশ্য প্রতিপক্ষের জন্য লক্ষ্যটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারেনি তারা। ভালো শুরু পাওয়ার পর রোববার তৃতীয় দিনের শেষদিকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসের বিপক্ষে চারদিনের ক্রিকেট ম্যাচের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। সোমবার শেষদিনে জয়ের জন্য ১৬০ রান লাগবে পাকিস্তানের, বাংলাদেশের ৬ উইকেট।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৫৮ রানের জবাবে ১৭৯ রান করে পাকিস্তান শাহিনস। পরে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২১৬ রানে। তৃতীয় দিনশেষে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে পাকিস্তান।

৩ উইকেটে ৮৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লা হাফ সেঞ্চুরি তুলে নেন। অবশ্য অন্য কোনো ব্যাটারের মতো তিন অঙ্কের দেখা পাননি তারাও। ১১৮ বলে ১১ চারে ৬৫ রান করে মোহাম্মদ আলির বলে আউট হন মাহমুদুল।

১২৩ বলে ৫৮ রান করে একই বোলারের শিকার হন আইচ। শাহাদাৎ হোসেন দীপু ৫৫ বলে ৩৩ ও মাহিদুল ইসলাম অঙ্কন ২৬ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। ২৪ ওভার ১ বলে ৬৩ রান দিয়ে ৬ উইকেট নেন পাকিস্তানের মোহাম্মদ আলি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালোভাবে লড়াই চালিয়ে যাচ্ছে পাকিস্তান শাহিনস। ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়েন হাসিব উল্লাহ ও শাহিবজাদা ফারহান। 

৭০ বলে ৬৮ রান করা শাহিবজাদাকে ফিরিয়ে প্রথম উইকেট এনে দেন মাহমুদুল। এরপর আরও তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। যার দুটি পেয়েছেন রেজাউর রহমান রাজা, একটি হাসান মুরাদ।

৯৮ বলে ৪৪ রান করে অপরাজিত আছেন ওপেনার হাসিব উল্লাহ। ১৪ বলে ৪ রান করা তৈয়ব তাহির শেষদিনে তার সঙ্গী হবেন। 

Link copied!