আবারও যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৮:৪৯ এএম
আবারও যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। রোববার লিভারপুলের কাছে তার দল ম্যানইউ হেরেছে ৫-০ ব্যবধানে। এ হারের দায় নিজের কাঁধে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।

মাঠে সময়টা ভালো না চললেও মাঠের বাইরে দারুণ এক সুসংবাদ পেলেন রোনালদো। আবার বাবা হতে যাচ্ছেন তিনি। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কোল আলো করে আসছে তার যমজ সন্তান। এর আগেও যমজ সন্তানের বাবা হয়েছিলেন রোনালদো।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) টুইট করে পর্তুগিজ এই তারকা নিজেই জানিয়েছেন, তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ অন্তঃসত্ত্বা। যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন জর্জিনা। 

টুইটারে পোস্ট করে রোনালদো লেখেন, “যমজ সন্তান আসার খবর জানাতে পেরে আমরা প্রচণ্ড খুশি। তর সইছে না।”

রোনালদোর প্রথম সন্তান রোনালদো জুনিয়র, যার মাতৃপরিচয় এখনও প্রকাশ্যে আনেননি তিনি। এরপর সারোগেসির মাধ্যমে এভা এবং মাতেও নামে দুই যমজ সন্তানের বাবা হন রোনালদো। ২০১৭ সালের নভেম্বর মাসে রোনালদো এবং জর্জিনার প্রথম সন্তান আলাইনার জন্ম হয়। 

Link copied!