সাইফের ইনজুরিতে দলে ফিরেছেন রুবেল


ফারজানা ববি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০২:১২ পিএম
সাইফের ইনজুরিতে দলে ফিরেছেন রুবেল

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ হানা দিলো। মোহাম্মদ সাইফুদ্দিন পিঠের ইনজুরিতে ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে। সাইফের জায়গায় মূল দলে ফিরেছেন রুবেল হোসেন।

বিশ্বকাপে ধারাবাহিক ম্যাচ খেলেছেন সাইফ। বল হাতে ৫ উইকেট নিয়েছেন। তুলনামূলক বেশ কিপটে বোলার ছিলেন। উইকেট না পেলেও নিজের ওভারে কম রান দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারকে। গত মঙ্গলবার দলের অনুশীলনে ছিলেন না সাইফ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণমাধ্যম ও যোগাযোগ কমিটির ম্যানেজার রাবীদ ইমাম সাইফের চোটের বিষয়ে বলেন, “সে (সাইফ) গত ম্যাচের পর পিঠের বাঁ দিকে ব্যথা অনুভব করার কথা বলেছিল।”

সাইফের ছিটকে যাওয়ায় দলে ফিরেছেন পেসার রুবেল। তিনি মূল দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন। বিশ্বকাপে মূল দলে বদলি নিতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি লাগে। রুবেলকে বদলি নেওয়ার অনুমতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

Link copied!