করোনার কারণে জনসমাগম এড়িয়ে চলতে হয়। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্যালারিতে কীভাবে মানা হবে স্বাস্থ্য সচেতনতা, সামাজিক দূরত্ব? সেই ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা। সেরকই এক অভিনব ব্যবস্থা দেখা গেল আবু ধাবিতে, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে।
আবু ধাবিতে দর্শকদের খেলা দেখার জন্য সবুজ গালিচা রয়েছে। সেখানে বসে বা হেলান দিয়ে খেলা দেখার ব্যবস্থা রয়েছে। কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতির কারণে আবু ধাবিতে সে ভাবে বসে খেলা দেখা যাবে না। তাই আয়োজকরা অন্য উপায় খুঁজে নিয়েছেন।
সাধারণত বিভিন্ন অফিসে কর্মীদের জন্য কিউবিকল বা ছোট ছোট ঘর দেখা যায়। সেরকমই সবুজ গালিচার উপর প্রচুর ঘর তৈরি করা হয়েছে বাঁশের বেড়া দিয়ে। তার ভেতরে বসে খেলা দেখতে পারছেন দর্শকরা। প্রতিটি কিউবিকলের মধ্যে ন্যুনতম দূরত্ব রাখা হয়েছে। তার মধ্যে দর্শকরা যে ভাবে খুশি বসে বা শুয়ে খেলা দেখতে পারবেন। একটি কিউবিকল টপকে আর একটি কিউবিকলে যাওয়া যাবে না। কোনো দর্শকের নির্দিষ্ট কিউবিকলে অন্য কেউ প্রবেশ করতে পারবেন না।


































