খেলতে নামলেই যেন একের পর এক রেকর্ড নিজের করে নিতে থাকেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গতম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি। এবার যৌথভাবে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন সাকিব।
এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন পাকিস্তানের বুম বুম আফ্রিদি। তার এ রেকর্ডেই ভাগ বসালেন সময়ের সেরা অলরাউন্ডার সাকিব।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে এখন পর্যন্ত ৩ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন সাকিব। পাপুয়া নিউগিনির বিপক্ষে ছিলেন আরও উজ্জ্বল। মাত্র ৯ রানে ৪ টি উইকেট তুলে নেন তিনি। এর মাধ্যমেই চলতি বিশ্বকাপের শীর্ষ উইকেট শিকারি ছাড়াও বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচের স্কটল্যান্ডের বিপক্ষে দুই উইকেট। ওমানের বিপক্ষে তিন উইকেট আর আজ পিনজির বিপক্ষে চার উইকেট নিয়ে বিশ্বকাপে সাকিবের উইকেটে সংখ্যা হল ৩৯টি। এর আগে আফ্রিদির উইকেট সংখ্যা ৩৯ টি।
তবে উইকেট বিবেচনায় একটা জায়গায় আফ্রিদিকে ছাড়িয়ে গেছেন সাকিব। সাবেক পাকিস্তান অধিনায়কের এই উইকেটগুলো শিকার করতে খেলতে হয়েছিল ৩৪ ম্যাচ, সেখানে সাকিব এই মাইলফলক ছুঁলেন মাত্র ২৮ ম্যাচেই।







































