সংযুক্ত আরব আমিরাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন এবং দক্ষিণ আফ্রিকার সাবেক সিমার ভার্নন ফিলান্ডার। দায়িত্ব নেওয়ার পরেই এ ঘোষণা দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য নির্বাচিত সভাপতি রমিজ রাজা।
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কিছুক্ষণ পরেই দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেন প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। ফলে তাদের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাকলাইন মুশতাক ও আবদুল রাজ্জাককে নিয়োগ দেয় পিসিবি। তবে পিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হবে। আর তা গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন।
সোমবার (১৩ আগস্ট) ম্যাথু হেইডেন সম্পর্কে পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা বলেন, "ম্যাথু হেইডেন একজন অস্ট্রেলিয়ান। তার বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে এবং তিনি নিজেও একজন দুর্দান্ত খেলোয়াড় ছিলেন।"
পাকিস্তানের বিশ্বকাপ জয়ের ব্যাপারে চেয়ারম্যান বলেন, "ড্রেসিংরুমে একজন অস্ট্রেলিয়ান থাকা দলের জন্য খুব উপকারী হতে পারে। আর পাকিস্তান অবশ্যই বিশ্বকাপ জিততে পারে এজন্য তাদের মাত্র অতিরিক্ত ১০% পারফরম্যান্সের উন্নতি করতে হবে।"
ফিলান্ডার সম্পর্কে রমিজ রাজা বলেন, "ভার্নন ফিলান্ডারকে আমি খুব ভালো জানি। সে বোলিং বোঝে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তার দুর্দান্ত রেকর্ড রয়েছে।"
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৪ থেকে ২০০৯ পর্যন্ত ২৭৩ ম্যাচ খেলে ১৫,০৬৬ রান করেছেন ম্যাথু হেইডেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১ ম্যাচে ২৬৯টি উইকেট রয়েছে ভারনন ফিল্যান্ডারের।






































