‘শাহিনের ধারে কাছেও আসতে পারবে না বুমরাহ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৭:২৫ পিএম
‘শাহিনের ধারে কাছেও আসতে পারবে না বুমরাহ’

ভারতের জাসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের শাহিন আফ্রিদি সময়ের সেরা পেসারদের মধ্যে অন্যতম। পরিসংখ্যান বিচার করলে দু’জনেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় একই সমান্তরালে রয়েছেন। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক অন্যভাবে চিন্তা করছেন।

রাজ্জাকের মতে, বুমরাহর পারফর্মেন্স শাহিনের ধারেকাছেও নেই। তার মতে, শাহিন বুমরাহর থেকে অনেক বেশি ভালো বোলার।

রাজ্জাক বলেন, “শাহিন খুবই ভালো বোলার। বুমরাহ তো ওর (শাহিন) ধারেকাছেও আসতে পারবে না।”

বেশ দীর্ঘদিন ধরেই ইনজুরির জন্য মাঠের বাইরে আছেন বুমরাহ। এমনকি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পায়নি ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে ফেরার কথা থাকলেও অন্তত প্রথম দুই টেস্ট খেলা হচ্ছে না তার।

বুমরহার ফেরা নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “বুমরাহকে নিয়ে আমি নিশ্চিত নই। প্রথম দুই টেস্টে তার খেলা হচ্ছে না। আশা করি পরের দুই ম্যাচে তাকে পাবো। এই মুহূর্তে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না”

ধারাবাহিক পারফর্মেন্স বুমরাহকে ভারতের পেস আক্রমণের নেতা বানিয়ে দিয়েছে। অন্যদিকে শাহিনও এখন পাকিস্তানের পেস আক্রমণের মূল অস্ত্র।

৩০ টেস্টে বুমরাহ যেখানে সংগ্রহ ১২৮ উইকেট সেখানে ২৫ টেস্টে শাহিন নিয়েছেন ৯৯ উইকেট। অন্যদিকে ৩২ ওয়ানডেতে শাহিনের শিকার ৫৮ উইকেট আর বুমরাহর ৭২ ম্যাচে ১২১ উইকেট। টি-টোয়েন্টিতে বুমরাহর শিকার ৬০ ম্যাচে ৭০ উইকেট আর শাহিন নিয়েছেন ৪৭ ম্যাচে ৫৮ উইকেট।

Link copied!