আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে তুললেন লিওনেল স্কালোনি। কার্লোস বিলার্দোর পর আর্জেন্টিনার দ্বিতীয় কোচ হিসেবে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানোর গৌরব এখন তারও। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে বিলার্দোর অধীনে টানা দুবার ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বিলার্দোর দল। ঠিক চার বছর পর, ইতালির বিশ্বকাপে আবারও ফাইনালে উঠলেও জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।
২০১৮ সালে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই জাতীয় দলের দায়িত্ব নেওয়া স্কালোনি ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে এনে দেন আরাধ্য শিরোপা। চার বছর পর, দলের মূল ভিত্তি ঠিক রেখে স্কোয়াডে কিছু নতুন মুখ যুক্ত করে আবারও দলকে ফাইনালে নিয়ে এলেন তিনি।
এই দুই কোচের ক্যারিয়ারের সাফল্যের পেছনে একটি দারুণ মিল রয়েছে—দুজনেই তাদের দল গড়েছেন ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি 'নম্বর ১০'-কে ঘিরে। বিলার্দোর ভরসা যেখানে ছিলেন ম্যারাডোনা, স্কালোনির তুরুপের তাস সেখানে মেসি। স্পেনের বিপক্ষে ফাইনালটি জিততে স্কালোনি তাঁর পূর্বসূরিকেও ছাড়িয়ে যাবেন।
গত চার বিশ্বকাপের মধ্যে এটি হতে যাচ্ছে আর্জেন্টিনার তৃতীয় ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।
খেলা শেষে উচ্ছ্বসিত স্কালোনি বলছিলেন,‘আমি সত্যিই নির্বাক। আমাদের দেশ আর দেশের মানুষের জন্য এটি অনেক বড় আনন্দের মুহূর্ত। এই অসাধারণ দলটিকে দেখে আমি রীতিমতো বিস্মিত। আমরা শিরোপা জেতার জন্য লড়াই চালিয়ে যাব, তবে আজকের ম্যাচের পর কথা বলার মতো ভাষা খুঁজে পাওয়াও কঠিন।’

































