উরুগুয়ের কোচের আসনে কিংবদন্তি ফোরলান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৯:১২ এএম
উরুগুয়ের কোচের আসনে কিংবদন্তি ফোরলান

নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছে উরুগুয়ে। নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারের কাঁধে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে।


ডিয়েগো ফোরলানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।
২০২৭ সালের মার্চ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন ফোরলান। শুধু জাতীয় দল নয়, উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের দেখভালও করবেন ৪৭ বছর বয়সী সাবেক স্ট্রাইকার। 
 

বিশ্বকাপ থেকে উরুগুয়ে গ্রুপ পর্বেই বিদায় নেওয়ায় কোচের দায়িত্ব ছাড়েন মার্সেলো বিয়েলসা।


তারই ছেড়ে দেওয়া ডাগআউটে এবার দাঁড়াচ্ছেন ফোরলান। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালে দেশটির শীর্ষ লিগের ক্লাব পেনারোলে। পরের বছর এতেনাসের হয়েও কাজ করেছেন দেশটির কিংবদন্তি। 
কোচিং ক্যারিয়ার দীর্ঘ না হলেও খেলোয়াড়ী ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ফোরলানের।


এক যুগের ক্যারিয়ারে উরুগুয়ের হয়ে জিতেছেন ২০১১ সালের কোপা আমেরিকা। ২০০২ সালে অভিষেক হওয়া ফোরলান গোল করেছেন ১১২ ম্যাচে ৩৬টি। তবে ২০১৪ সালে বিদায় নেওয়া তারকার সবচেয়ে বড় পরিচয় যেন ২০১০ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ বিজয়ী। ওই বিশ্বকাপে যৌভাবে সর্বোচ্চ ৫ গোল করেন তিনি।  দীর্ঘ পেশাদার ক্লাব ফুটবলে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!