নরওয়ের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জেতার পর ইংল্যান্ড শিবিরে দেখা দিয়েছে নতুন এক সংকট। কোচ থমাস টুখেলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন দলের সেমিফাইনালে ওঠার নায়ক জুড বেলিংহাম।
সেমিফাইনালে ওঠায় খুশি হলেও, খেলোয়াড়দের মানসিকতার প্রশংসা করলেও, দলের পারফরম্যান্সের প্রায় প্রতিটি দিক নিয়েই অসন্তুষ্টি প্রকাশ করেন এই জার্মান কোচ। টুখেল বলেন, ‘ফলাফল দুর্দান্ত। আমরা শেষ চারে। এটা অসাধারণ। কিন্তু পারফরম্যান্সে আমি খুশি নই।’ তিনি ইংল্যান্ডের খেলাকে এলোমেলো ও ভুলে ভরা বলে বর্ণনা করেন এবং বলেন, ভাগ্যের জোরেই তারা এগিয়ে গেছে।
তবে বেলিংহাম বিষয়টি দেখছেন ভিন্নভাবে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার তুলে ধরেন প্রচণ্ড গরমের কথা এবং নরওয়ের আক্রমণভাগের শক্তির কথা, যার নেতৃত্বে ছিলেন আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ড। তার মতে, কাজটি টুখেলের মূল্যায়নের চেয়ে অনেক বেশি কঠিন ছিল।
বেলিংহাম সাংবাদিকদের বলেন, ‘হয়তো তিনি জানেন না, আর্লিং হালান্ড, ওডেগার্ড, (আন্তোনিও) নুসা, (আলেকজান্ডার) সরলথের বিপক্ষে ওই পরিস্থিতিতে খেলাটা কেমন লাগে। এই দলের বিপক্ষে খেলা সহজ কাজ নয়। তিনি যা খুশি বলতে পারেন।’
এই দুজনের মধ্যে টানাপড়েন প্রকাশ্যে আসার ঘটনা এটাই প্রথম নয়। প্রায় এক বছর আগে বেলিংহামের মাঠের আচরণ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন টুখেল। সেসময় তিনি বলেছিলেন, খেলোয়াড়টির মেজাজি স্বভাবের কিছু দিক দর্শকদের কাছে ‘বিরক্তিকর’ ঠেকতে পারে। পরে ক্ষমা চান টুখেল। তিনি জানান, শব্দটি অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছিল এবং এতে খেলোয়াড়টির প্রতি কোনো লুকানো সমালোচনা ছিল না।
বিশ্বকাপের আগেও বেলিংহামের একাদশে জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। টুখেল সেসময় বলেছিলেন, ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকাদের জন্যও একাদশে জায়গা নিশ্চিত নয়।
তবে মাঠের পারফরম্যান্সেই সব প্রশ্নের জবাব দিয়েছেন বেলিংহাম। এই তেইশ বছর বয়সী খেলোয়াড় না থাকলে হয়তো সেমিফাইনালের প্রস্তুতিই নিতে পারত না ইংল্যান্ড। নরওয়ে ও মেক্সিকো, দুই ম্যাচেই জোড়া গোল করে দলকে বাঁচিয়েছেন তিনি। তার পারফরম্যান্স প্রমাণ করেছে, এই টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় তিনি।
দলের সার্বিক পারফরম্যান্সে অসন্তুষ্ট হলেও বেলিংহামের প্রশংসায় কোনো কার্পণ্য করেননি টুখেল। তিনি বলেন, ‘আর কিছু বলার নেই। প্রতিটি ম্যাচেই সে এটা করে। বিশ্বমানের।’
আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড।































