‘সতলুজ’ নিয়ে বিতর্ক কেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:১০ এএম
‘সতলুজ’ নিয়ে বিতর্ক কেন

মুক্তির দুই দিনের ব্যবধানে জিফাইভ থেকে ‘সতলুজ’ সিনেমা সরিয়ে নেওয়ার ঘটনায় ভারতে বিতর্কের ঝড় উঠেছে।

মানবাধিকারকর্মী জসওয়ান্ত সিং খালরার জীবন ও তাঁর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করেছেন হানি ত্রেহান। এতে জসওয়ান্ত সিং খালরা চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ।

কোনো প্রচারণা ছাড়ায় অনেকটা নীরবে ৩ জুলাই সিনেমাটি মুক্তি পায়। রোববার রাত থেকে সিনেমাটি ভারতে দেখা যাচ্ছে না।

রোববার রাতে এক বিবৃতিতে জিফাইভ জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কারণে’ ছবিটি আপাতত ভারতে প্রদর্শন করা হচ্ছে না। তবে ছবিটি কেন সরিয়ে নেওয়া হয়েছে, তা খোলাসা করেনি প্ল্যাটফর্মটি।

জিফাইভ জানিয়েছে, তারা আইনি ও প্রক্রিয়াগত পথে ছবিটি আবার দর্শকদের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে কবে সম্ভব হবে, তা স্পষ্ট নয়।

সিনেমাটি ভারতীয় সার্টিফিকেশন বোর্ডে তিন বছরের বেশি সময় ধরে আটকে ছিল। বোর্ড ১২৭টি কাটছাঁটের প্রস্তাব দিলেও নির্মাতারা তা মানতে রাজি হননি। ফলে ছবিটি সিনেমা হলে মুক্তি পায়নি, পরে কর্তন ছাড়াই সিনেমাটি ওটিটিতে মুক্তি দিয়েছেন প্রযোজক।


এর আগে সিনেমাটি কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। শেষ মুহূর্তে লাইনআপ থেকে সিনেমাটি সরিয়ে নেওয়া হয়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি। এ অবস্থার মধ্যেই ছবিটি হঠাৎ ওটিটিতে আসে এবং দ্রুতই আবার সরিয়ে ফেলা হয়।


দিলজিৎ ইনস্টাগ্রাম লাইভে বলেন, তিনি আগেই ধারণা করেছিলেন এমন কিছু (সিনেমা সরিয়ে নেওয়া) ঘটতে পারে। তবে তাঁর ধারণা ছিল, সিদ্ধান্তটি সোমবার অফিস খোলার পর আসবে, রোববার রাতেই নয়।

তিনি জানান, ছবিটি কোনো প্রচার ছাড়াই প্রকাশ করা হয়েছিল। তাঁর মতে, প্রচারণা থাকলে হয়তো এটি আরও দ্রুত বন্ধ হয়ে যেত। তবু অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছে পৌঁছাতে পারায় তিনি সন্তুষ্ট।

দিলজিৎ আরও বলেন, ছবিটি ইতিমধ্যেই অনেক দর্শকের কাছে পৌঁছেছে এবং তরুণদের মধ্যে আলোচনা তৈরি করেছে।

তিনি বলেন, ডিজিটাল যুগে কোনো কিছু পুরোপুরি মুছে ফেলা যায় না—এমনকি ছোট কোনো ভয়েস নোটও না। তাঁর মতে, ছবিটিকে থামানোর চেষ্টা যত হয়েছে, সেটি তত বেশি আলোচনায় এসেছে।

ছবিটি প্রযোজনা করেছেন হানি ত্রেহান, অভিষেক চৌবে ও রনি স্ক্রুওয়ালা। এতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, কনওয়ালজিৎ সিং, সুবিন্দর ভিকি ও গীতিকা বিদ্যা ওহলিয়ান।

কে এই খালরা

জসওয়ান্ত সিং খালরা ছিলেন মানবাধিকারকর্মী, যিনি ১৯৮৪ থেকে ১৯৯৪ সালের মধ্যে পাঞ্জাবে হাজারো অজ্ঞাত মরদেহ দাহ ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ নিয়ে অনুসন্ধান করেছিলেন। পরে ১৯৯৫ সালে তিনি নিখোঁজ হন।

পরে ২০০৫ সালে চার পুলিশ সদস্য তাঁর অপহরণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন এবং তাঁদের সাজা বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার অভিযোগের বিষয়বস্তু হওয়ায় ছবিটি শুরু থেকেই বিতর্কে ছিল।

Link copied!