ককটেল বিস্ফোরণে উত্তপ্ত সাভার, প্রতিবাদে মিছিল এনসিপির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ১২:০২ এএম
ককটেল বিস্ফোরণে উত্তপ্ত সাভার, প্রতিবাদে মিছিল এনসিপির

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।


আহতদের মধ্যে মো. শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬) ও মো. শাহাদাত হোসেনের (৪০) পরিচয় জানা গেলেও অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিবাদী মিছিল করেছে দলটি।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন।


এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
ইয়াসির আরাফাতের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও ডা. হাসান বলেন, আমরা চারজন রোগী পেয়েছি। এর মধ্যে পায়ে একজনের গুরুতর আঘাত ছিল।


এর মধ্যে তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!