তিন তারকার গোল উৎসবে বিশ্ব কাঁপাল বিশ্বকাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০১:১৪ পিএম
তিন তারকার গোল উৎসবে বিশ্ব কাঁপাল বিশ্বকাপ

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর ২৪ ঘণ্টার সাক্ষী হলো পুরো ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক ফুটবলের এক স্মরণীয় দিনে গোল উৎসবে মাতলেন বর্তমান বিশ্বের তিন মহাতারকা—লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। নিজ নিজ দলের হয়ে খেলতে নেমে জয়ও তুলে নিয়েছেন তিনজন।

দিনের সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচকে স্মরণীয় করে তোলেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক দিয়ে।

৩৯তম জন্মদিনের এক সপ্তাহ আগে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েন মেসি। এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসান আর্জেন্টাইন মহাতারকা।

অন্যদিকে, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের জয়ে বড় ভূমিকা রাখেন আর্লিং হালান্ড। ইরাকের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচেই জোড়া গোল করে দলকে ৪-১ গোলের বড় জয় এনে দেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

এই দুই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ৫৭-তে নিয়ে যান হালান্ড। তার পারফরম্যান্সে স্পষ্ট হয়ে উঠেছে, নরওয়ে এবার শুধু অংশ নিতেই নয়, প্রতিদ্বন্দ্বিতা করতেও বিশ্বকাপে এসেছে।

গ্রুপ ‘আই’-এর আরেক ম্যাচে ফ্রান্সকে জয়ের পথ দেখান কিলিয়ান এমবাপে। সেনেগালের বিপক্ষে ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেন তিনি। গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড চলতি আসরের প্রথম ম্যাচেই নিজের দুর্দান্ত ছন্দের প্রমাণ দেন।

প্রতিপক্ষের রক্ষণভাগকে গতি ও দক্ষতায় পরাস্ত করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যাও আরও বাড়িয়ে নেন এমবাপে। তিন মহাতারকার এমন দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের শুরুতেই জমে উঠেছে শিরোপার লড়াই।


 

Link copied!