পাকিস্তানের স্বপ্ন ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ১১:৪৫ পিএম
পাকিস্তানের স্বপ্ন ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়া

একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বে সব কটি ম্যাচে অপরাজিত থেকে সেমি ফাইনালে পা রেখেছিল পাকিস্তান। যত সময় গড়িয়েছে, বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল দলটি। কিন্তু সেমি ফাইনালে এসে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) আসরের দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এদিন টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে পাকিস্তান। জবাবে ১৯ ওভারে ৫ উইকেটে ১৭৭ করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এই জয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে (০) হারায় অস্ট্রেলিয়া। তিনে নামা মিচেল মার্শ ২২ বলে ২৮ রানের ছোট্ট একটা ইনিংস খেলে শাহীন আফ্রিদির শিকার হয়ে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ার দলীয় রান তখন ৫২। আসরে নিজের ব্যর্থতার ধারাবাহিকতা আজও বজায় রাখলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক ব্যক্তিগত ৭ রানে ফখর জামানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। 

অস্ট্রেলিয়া বড় ধাক্কা খায় দলীয় ৮৯ রানে। দুর্দান্ত খেলতে থাকা ডেভিড ওয়ার্নারের ব্যাট ছুঁয়ে বলা জমা হয় মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। পাকিস্তানের আবেদনে আঙুল তুলে দেন আম্পয়ারও। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় বল ওয়ার্নারের ব্যাটে লাগেনি। কিন্তু ওয়ার্নার রিভিউ না নিয়ে মাঠ ছাড়েন। তার কিছুক্ষণ পরই ওয়ার্নারের পথ ধরে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও (৭)। ৯৬ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এদিকে বল-রানের ব্যবধানও বাড়তে থাকে। 

পাকিস্তানি বোলাররা ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন। সেখান থেকে অসামান্য এক জুটি গড়েন মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। দুইজন মিলে ৪১ বলে ৮১* রান তুলে ১ ওভার বাকি থাকতেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে ফেলেন। ম্যাচজয়ী এই জুটি গড়ার পথে ওয়েড খেলেন ১৪ বলে অপরাজিত ৪১* রানের এক বিস্ফোরক ইনিংস। মেরেছেন ৪টি ছক্কা ও ২টি চার। অন্যদিকে ৩১ বল খেলে স্টয়নিস অপরাজিত ছিলেন ৪০* রানে। তিনি মেরেছেন ২টি করে ছক্কা ও চার। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ২৪১.১৭ স্ট্রাইক রেটে রান তোলা ওয়েড।

পাকিস্তানের হয়ে ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন শাদাব খান। এছাড়া একটি উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি।

Link copied!