আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিলের ব্যাটম্যান নেইমারের প্রস্তুতি


দেওয়ান জামিলুর রহমান
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৭:২২ পিএম
আর্জেন্টিনাকে হারাতে ব্রাজিলের ব্যাটম্যান নেইমারের প্রস্তুতি

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। দুই প্রতিবেশী দেশের প্রতিদ্বন্দ্বিতা কেবল মাঠের খেলাতেই সীমাবদ্ধ থাকে না, বিশ্বের সব প্রান্তেই টানটান উত্তেজনা বিরাজ করে ৯০ মিনিট ধরে।

আর তাই বিশ্বকাপ হোক কিংবা প্রীতি ম্যাচ, দুদলের খেলোয়াড়রাই নিজেদের সেরাটা দিতেই চেষ্টা করেন। অনুশীলনেও দেখা যায় একইরকম পেশাদারিত্ব আর ঘাম ঝরানো প্রস্তুতি।

আগামী ১৭ নভেম্বর ২০২২ ফুটবল বিশ্বকাপের দক্ষিণ অ্যামেরিকা অঞ্চলের বাছাই পর্বে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। হেভিওয়েট এই ম্যাচকে সামনে রেখে তাই প্রস্তুতি শুরু করেছেন দুই দলের ফুটবলাররা।

দক্ষিণ অ্যামেরিকার বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। আর ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা।

টেবিলের শীর্ষে তাই এই ম্যাচ জিততে এক চুলও ছাড় দিবে না লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ নিতে মরিয়া মেসির নতুন ক্লাব পিএসজির সতীর্থ নেইমারের ব্রাজিল।

বুধবার ব্রাজিলের অনুশীলনে নেইমারকে দেখা গেল খোশ মেজাজে। তবে সবার নজর কেড়েছে তার মাথা আঁকা নতুন ট্যাটু। কিছুদিন আগেই করা পীঠের ট্যাটুর সঙ্গে বেশ সুন্দরভাবেই মানিয়ে গেছে ব্যাটম্যানের এই প্রতীক। সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে অনুশীলনের ছবি।

ট্যাটুর ভক্ত নেইমারের কমিকস আসক্তির কথা জানেন অনেক ভক্তরাই। পীঠের এক পাশে ব্যাটম্যান আর আরেক পাশে স্পাইডারম্যানের ট্যাটু দিয়ে তিনি জয় করেছেন ডিসি আর মার্ভেল ভক্তদের মন।

তবে ব্যাটম্যানের প্রতি নেইমারের দুর্বলতা ছোটবেলা থেকেই। ইন্সটাগ্রামে ব্যাটম্যানের ছবিযুক্ত টি-শার্টেও তাকে দেখা যায় প্রায় সময়। এমনকি এক জন্মদিনে ব্যাটম্যানের ছবিসহ কেকও কাটতে দেখা গেছে তাকে।

ব্যাটম্যানের মত অত্যাধুনিক প্রযুক্তির গ্যাজেটের প্রতিও আকর্ষণ আছে তার। নেইমারের ব্যক্তিগত হেলিকপ্টারটিও ব্যাটম্যান কমিকসের সঙ্গে মিল রেখেই কেনা। এর আগে এক হ্যালুইন উৎসবেও ব্যাটম্যান কমিকসের জিনপ্রিয় খল চরিত্র জোকারের বেশে দেখা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকাকালীন ব্যাটম্যানের ট্যাটু নিয়েই বিভিন্ন জয় উৎযাপন করতে দেখা গেছে নেইমারকে। এবার হয়তো মাথায় নতুন ট্যটু নিয়ে ব্যাটম্যানের মতোই ব্রাজিলের হয়ে আর্জেন্টিনাকে প্রতিরোধ করতে চাইবেন তিনি।

Link copied!