সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: রিজভী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০২:৩৪ পিএম
সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে: রিজভী

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা নানা ধরনের নাশকতা ও ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের বিষয়ে দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

রুহুল কবির রিজভী বললেন, ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্রের জাল বিস্তার করে দেশের বিরুদ্ধে কর্মকাণ্ড চালাচ্ছে। কয়েক দিন আগে বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ন্যক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এতে দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়, তা সবার ভেবে দেখা উচিত।

বিএনপির এই নেতা আরও বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি একে একে বাস্তবায়ন করছে। একজন অসহায় মানুষ মাস শেষে আড়াই হাজার টাকা পেলেও তার খাবার ও জীবনযাপনে কিছুটা স্বস্তি আসবে।

বিগত সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাংক লুটের অর্থ বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপনের অভিযোগও করেছেন রিজভী। বিদেশে অবস্থান করেও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে তার দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।


‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থসহায়তা দেওয়া হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেরছ আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহারিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল কায়েসসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মো. লকাই বিশ্বাসের জন্য নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন। এ ছাড়া চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!