গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এক কর্মীকে (ডিস্ট্রিবিউটর) গুলি করে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় ঘটে এ ঘটনা।
গুলিতে আহত হয়েছেন ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুরের অ্যাকাউন্টস ম্যানেজার (হিসাব ব্যবস্থাপক) হিমেল। এ ছাড়া প্রাইভেট কারে থাকা চালক লাল মিয়া, এরিয়া ম্যানেজার ফরহাদও আহত। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুরে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশ কর্মী ও ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুরের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বললেন, গতকাল ব্যাংক বন্ধ থাকা ও গার্মেন্টস কর্মীদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকট ছিল।
বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর হযরত আলী মুন্সীকে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা প্রাইভেট কারে আনা হচ্ছিল। প্রাইভেট কারটি গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা পথরোধ করে। তারা চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলে। একটি পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজারকে গুলি করে। প্রাইভেট কারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায়। এতে তিন কোটি টাকার মতো লুট হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বললেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























