গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এর একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে কারখানার ভেতরের একটি ভবন থেকে আগুনের ধোয়া বের হতে শুরু করে।
খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ও গাজীপুরসহ বিভিন্ন স্টেশনের আরও ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। বর্তমানে মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম এসব তথ্য আগামীর সময়কে নিশ্চিত করেছেন।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।













