এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ০২:১৪ পিএম
এনসিটি চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের গণঅনশন

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবিতে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা গণঅনশনে বসেছেন।সোমবার বেলা ১১টার পর চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রাঙ্গণে এই কর্মসূচি শুরু হয়।

বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হচ্ছে।

রাজধানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
গণঅনশন চলাকালে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, “আলোচনার জন্য আমরা সরকারকে সময় দিয়েছিলাম। কিন্তু সরকার এখনো আলোচনার কোনো উদ্যোগ নেয়নি। তাই অনশনে বাধ্য হয়েছি।

“এখনো সরকারকে সময় দিতে চাই। তারপরও আলোচনা না করলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। জিবুতিসহ বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। আমরা চাই এনসিটির চুক্তিও বাতিল করা হোক।”

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক নেতা মো. ইব্রাহিম খোকন বলেন, “এনসিটির চুক্তিতে কী আছে, তা আমরা জানি না। দেশের জনগণও জানে না। আমরা চাই সরকার অবিলম্বে এই চুক্তি বাতিল করুক।”

বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের তরফে কোম্পানির চেয়ারম্যান ঈসা কাজিম চুক্তিতে সই করেন।

সেদিন বিকেলেই বন্দর ভবনের মূল প্রবেশপথের কাছে বিক্ষোভ মিছিল থেকে অনশন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দর রক্ষা সংগ্রাম কমিটির সদস্যসচিব ফজলুল কবীর মিন্টু, বাসদ নেতা আল কাদেরী জয়াসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা গণঅনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
 

Link copied!