সরকার উল্টাপাল্টা করলে বিরোধী দল আঙুল চুষবে না : জামায়াত আমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:২৪ পিএম
সরকার উল্টাপাল্টা করলে বিরোধী দল আঙুল চুষবে না : জামায়াত আমির

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সরকার উল্টাপাল্টা করবে আর বিরোধী দল বসে বসে আঙুল চুষবে, সেটা হবে না।’
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে একথা বলেন তিনি।

সরকার সবগুলো উল্টাপাল্টা কাজ করছে বলে উল্লেখ করে জামায়াত আমির বললেন, ‘আমাদের লংমার্চ সরকারকে সতর্ক করার জন্য। এখন পর্যন্ত আমাদের আঙুল সোজা আছে, প্রয়োজনে বাঁকা হবে।’

জনগণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরোধী দল রাজপথে থাকবে ঘোষণা দিয়ে তিনি বলছিলেন, ‘প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সেই আন্দোলন ঈদের পরের আন্দোলন হবে না।’

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলছিলেন, ‘একটা অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের আমলে জনগণ যেমন ছিলেন, যেসব সুযোগ-সুবিধা পেয়েছিলেন, সেগুলোর কিছুই নির্বাচিত সরকারের আমলে পাচ্ছেন না। দেশ তো দেশের জায়গায় আছে। গ্যাস নাই। বিদ্যুৎ নাই। আবার বিদ্যুৎ না থাকলেও বিল বেশি আসছে। গ্যাস দেবে না। অথচ গ্যাসের বিল জমা দিতে হচ্ছে। তেল পাই না, জ্বালানি পাই না।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘কিছু বললে তারা বলেন— ক্ষমতায় বসেছেন মাত্র ছয় মাসও হয়নি। তাদের সরকার নাকি শিশু সরকার। জনগণ তো কোনো শিশুকে ভোট দেয়নি। প্রাপ্তবয়স্ক হিসেবেই তো ভোট করলেন। জনগণের কাছ থেকে ভোট নিলেন। এখন নিজেদের শিশু বলছেন কেন?’

‘আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদের কবর রচনা হবে। সংসদে সবকিছুর ফয়সালা হবে। কিন্তু সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করে দেশের ৭০ ভাগ মানুষকে অপমান করেছে। জনগণকে দেওয়া কথার সঙ্গে গাদ্দারি করেছে। প্রতারণা করেছে। কিন্তু বিরোধী দল জনগণের সঙ্গে প্রতারণা করবে না’, যোগ করেন তিনি।

কোনো প্রলোভনে বিরোধী দল পা দেবে না জানিয়ে তিনি বললেন, ‘আমাদের বহু টোপ দেওয়া হয়েছে। লোভ দেখানো হয়েছে। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি কোনো প্রলোভনের দিকে আমরা চোখ তুলেও তাকাব না। ৭০ ভাগ জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে। সেটা আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এর আগে আমরা থামব না। এ লড়াই চলবে। বাংলাদেশ বদলাবে।’

জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির বললেন, ‘প্রস্তুত থাকুন। বৃহত্তর আন্দোলনের ডাক আসবে। এই লড়াইয়ে জনগণ বিজয়ী হবে। ফ্যাসিবাদ হেরে যাবে। অপরাধীরা হেরে যাবে।’

বিরোধী দল শাপলা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা অফিসার হত্যাকাণ্ড, চব্বিশের গণহত্যার বিচার আদায় করে ছাড়বে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Link copied!