শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:৫৯ পিএম
শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান

২০২৫ সালের ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম এবং বিশ্বের ২ হাজার ৭৯০তম ধনী ব্যক্তি ছিলেন আজিজ খান। গত বছর তার সম্পদের পরিমাণ ছিল ১১০ কোটি ডলার। ২০২৪ ও ২০২৫—এই দুই বছর সম্পদের মূল্য ১১০ কোটি ডলারে স্থির থাকার পর এবার আজিজ খানের সম্পদ ১০ কোটি ডলার কমেছে।

ফোর্বসের করা সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বেশ কয়েক বছর ধরেই জায়গা পেয়ে আসছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তবে ২০২৬ সালের তালিকায় তার স্থান হয়নি। মূলত সম্পদের মূল্য কমে যাওয়ার কারণে ২০১৮ সালে প্রথমবার জায়গা পাওয়ার পর এবারই প্রথম শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন তিনি।


সম্প্রতি ফোর্বস শীর্ষ ধনীদের বৈশ্বিক তালিকার পাশাপাশি সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় জায়গা না হলেও বিশ্বের শতকোটিপতিদের তালিকায় নাম রয়েছে আজিজ খানের। ফোর্বসের হিসাবে বিশ্বের ধনীদের মধ্যে তার অবস্থান ৩ হাজার ৩৩২তম। তার সম্পদের পরিমাণ ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার।


২০২৫ সালের ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম এবং বিশ্বের ২ হাজার ৭৯০তম ধনী ব্যক্তি ছিলেন আজিজ খান। গত বছর তার সম্পদের পরিমাণ ছিল ১১০ কোটি ডলার। ২০২৪ ও ২০২৫—এই দুই বছর সম্পদের মূল্য ১১০ কোটি ডলারে স্থির থাকার পর এবার আজিজ খানের সম্পদ ১০ কোটি ডলার কমেছে।

কয়েক বছর ধরেই ফোর্বসের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছিলেন আজিজ খান। তালিকায় তিনি প্রথম জায়গা করে নেন ২০১৮ সালে। ২০২২ সাল থেকে তিনি ফোর্বসের বৈশ্বিক বিলিয়নেয়ার তালিকায়ও রয়েছেন। ২০২৪ সালের ফোর্বসের তালিকা অনুসারে, সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের মধ্যে মুহাম্মদ আজিজ খানের অবস্থান ছিল ৪৩তম। ২০২৩ সালে ৪১তম ও ২০২২ সালের তালিকায় ৪২তম অবস্থানে ছিলেন তিনি।

ফোর্বস জানিয়েছে, সামিট গ্রুপের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসন খাতের ব্যবসা রয়েছে। গ্রুপটির সব ব্যবসা বাংলাদেশে। ২০১৯ সালে মুহাম্মদ আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করে দেন।

দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে বসবাস করে আসছেন ব্যবসায়ী আজিজ খান। বাংলাদেশী হলেও সম্প্রতি তিনি সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন। দেশটির আইনে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই। এজন্য তাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়েছে।

এদিকে, চলতি ২০২৬ সালের ফোর্বসের তালিকা অনুযায়ী, ৩২ দশমিক ৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে সিঙ্গাপুরের শীর্ষ ধনীর স্থান ধরে রেখেছেন মেটার (ফেসবুক) সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। তালিকায় ১৬ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হংকং লিওং গ্রুপের খেক লেং বেং ও তার পরিবার এবং ১৪ দশমিক ৩ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ফার ইস্ট অর্গানাইজেশনের রবার্ট ও ফিলিপ এনজি।

Link copied!