পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানো হয়েছে। তবে সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
একইসঙ্গে আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।
রোববার (৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর বিআরটিএ ভবনে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে বিআরটিএ চেয়ারম্যান এ তথ্য জানান।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, “বিআরটিএ ভবনে ভাড়া নির্ধারণ সংক্রান্ত আয়োজিত সভায় বড় বাসে (ডিজেলচালিত) সর্বনিম্ন ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।”
এছাড়া মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে এ ভাড়া কার্যকর করা হবে।
এর আগে বুধবার (৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান রয়েছে। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রূপি ছিল। অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ লিটারপ্রতি ৫৯.৪১ টাকা কম।
বর্তমান ক্রয়মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ডিজেলে লিটারপ্রতি ১৩.০১ এবং ফার্নেস অয়েলে লিটারপ্রতি ৬.২১ টাকা কমে বিক্রয় করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে। অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিভিন্ন গ্রেডের পেট্রোলিয়াম পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬.৭১ কোটি টাকা লোকসান হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে। নতুন এই মূল্যবৃদ্ধি আজ (বুধবার) দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর হবে।






























