‘জ্বালানি তেলের দাম কমানো না হলে ধর্মঘট চলবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০১:১৫ পিএম
‘জ্বালানি তেলের দাম কমানো না হলে ধর্মঘট চলবে’

জ্বালানি তেলের দাম কমানো না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা।

শনিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক পরিষদের নেতারা এ কথা জানান।

পরিষদের নেতা জানান, ‘জ্বালানি তেলের দাম কমানো না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না।’

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।

সকাল থেকে সড়কে চলছে না পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ড ভ্যান। তবে প্রাইভেট কার, বাইক, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাতায়াত চলছে। এ সুযোগে বাড়তি ভাড়াও হাঁকছেন অনেকে।

রাজধানীর প্রতিটি বাসস্টপেজে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেক পরীক্ষার্থী ও কর্মজীবী মানুষ পায়ে হেঁটেই গন্তব্যে রওনা করেছেন।

বৈঠক শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দাবি মানা না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে যৌক্তিক দাবির কথা জানাবেন।”

রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রীর সঙ্গে আবারও বৈঠকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান আব্দুল মোতালেব।

আব্দুল মোতালেব আরও বলেন, “তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের ভাড়ার ওপরে প্রভাব পড়েছে। আগে ভাড়া যেখানে ছিল ১০ হাজার, সেখানে এখন ভাড়া হবে তেলসহ ১২ হাজার। তাহলে কীভাবে আমরা গাড়ি চালাব? আমাদের লাভের যে অংশটা ছিল, তা এখন তেলেই চলে যাবে। লাভ না করতে পারলে রাস্তায় গাড়ি চালিয়ে করব কী? এক রুটে যদি ২০০ লিটার তেল খরচ হয় তাহলে খরচের পরিমাণ কতটা বেড়ে গেল? এটি একটি ব্যবসা। ব্যবসা না হলে গাড়ি কেন চালাবেন চালকরা। তাই দাবি পূরণ না হলে ধর্মঘট চলবেই।”

Link copied!