ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হয়েছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট। সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে এসব টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হচ্ছে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ ও ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।



































