পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সেতুমন্ত্রীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০১:২১ পিএম
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সেতুমন্ত্রীর

পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘট পালন করছে পরিবহন মালিক-শ্রমিকরা। একই সঙ্গে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। এদিকে বাস না চলায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শুক্রবার (৫ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিকদের প্রতি তিনি এ আহ্বান জানান। 

সেতুমন্ত্রী বলেন, “আগামী ৭ নভেম্বর বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।”

বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল বাড়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, “ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের খরচ বাড়ায় অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোলহার বৃদ্ধি করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুতে সর্বশেষ ২০১১ সালে টোলহার বাড়ানো হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর এই সেতুর টোলহার এবার বাড়ানো হয়েছে। অন্যদিকে ২০০৮ সালে মুক্তারপুর সেতু চালু হওয়ার পর এই প্রথম সেখানে টোলহার বাড়ানো হয়েছে।”

অন্যদিকে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভর্তি ও চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীরা। গাড়ি না থাকায় বাড়তি ভাড়া গুনে সিএনজি, মোটরসাইকেল, রিকশায় তারা নিজ নিজে কেন্দ্রে যাচ্ছেন। পরিবহন সংকটে অনেকে আবার হেঁটেই কেন্দ্রে পৌঁছান।

এদিকে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে রাজধানীর বাস টার্মিনালগুলোতে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো টার্মিনালে প্রবেশ করলেও ঢাকা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। কাউন্টারগুলোর সামনে ও মূল সড়কে সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও কোনো বাসেই যাত্রী নেওয়া হচ্ছে না।

বুধবার মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন মূল্য কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠন।

Link copied!