রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয়ও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত পাঁচজন শ্রমিক ছিলেন। শ্বাসবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, জুতার সোল তৈরি করা হতো এই কারখানায়। অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহত আর কারও খবর এখনো পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তদন্ত করে জানা যাবে।






























