গুলশানে রিকশা উল্টে শিশু নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০১:০৮ পিএম
গুলশানে রিকশা উল্টে শিশু নিহত

রাজধানীর গুলশানের নতুন বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশা উল্টে রিহান নামের পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় সময় শিশুটির বাবা, মা ও বোন গুরুতর আহত হয়।

রোববার (৩১ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আব্দুর রহিম ও মা শাহজাদী আক্তার মাফারা (২৫)।

আব্দুর রহিমের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে। তাদের বাসা বাড্ডা বাঁশতলা এলাকায়। রহিম গুলশানের মুদিদোকানে কাজ করেন।

সোমবার (১ নভেম্বর) সকালে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার দিকে শিশু রিহানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শিশুটির মামা নজরুল ইসলাম জানান, রোববার রাতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বাজার করতে যান আব্দুর রহিম। সেখান থেকে বাসায় ফেরার সময় দুর্ঘটনা ঘটে।

নজরুল ইসলাম আরও জানান, রিহানের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহী ও তার মাকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা রহিম হাসপাতালে ভর্তি রয়েছে।

এসআই মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!