১৭টি গায়েব হওয়া ফাইলে গোপনীয় কোনো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।
রোববার (৩১ অক্টোবর) ওই সচিব এ কথা বলেন।
নথিগুলো ক্রয় সংক্রান্তের ছিল উল্লেখ করে সচিব বলেন, “এগুলোতে তেমন গোপনীয় কিছু নেই।”
আলী নূর বলেন, “আমাদের অন্যান্য বিভাগেও প্রত্যেকটা ফাইলের তথ্য আছে। ওই নথিগুলোর তথ্য আমাদের কম্পিউটারেও আছে, ডিজি অফিসগুলোতেও আছে।”
সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফাইল মিসিং হওয়া, এটি উদ্ধারের চেষ্টা করছি বলে তিনি উল্লেখ করেছেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা চাই প্রকৃত ঘটনা যেন জানতে পারি।
কাউকে সন্দেহ হচ্ছে কিনা সে বিষয়ে ওই কর্মকর্তা বলেন, “সন্দেহের বিষয়টা কঠিন। কে কাজটি করেছেন আমরা তো জানি না।”
আমি তো মনে করি, আমরা সবাই সন্দেহের মধ্যেই আছি বলে জানান ওই কর্মকর্তা।
ঘটনা জানার পর আমি পুলিশকে খবর দিয়েছি জানিয়ে আলী নূর আরও বলেন, “এডিসিসহ আরও দুজন কর্মকর্তা এখানে আসছেন। তারা বিষয়গুলো দেখেছেন।”
ওই কর্মকর্তা আরও বলেন, “সিআইডিকে অনুরোধ করি, বিষয়টা টেকআপ করার জন্য। আমাদের যে বিষয়টা ঘটেছে, এটা তো আমাদের উদ্ধার করতে হবে, যেভাবেই হোক। যারা এর সঙ্গে জড়িত, এটা খুঁজে বের করতে হবে। বিষয়টি কীভাবে হলো, কখন হলো। এটাই ছিল আমাদের মূল বিষয়।”


































