অবশেষে পানি পেল হৃদরোগ ইনস্টিটিউট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০২:০৫ পিএম
অবশেষে পানি পেল হৃদরোগ ইনস্টিটিউট

টানা চারদিন দুর্ভোগের পর অবশেষে রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পানি সংকট নিরসন হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) সকাল থেকে হৃদরোগ ইনস্টিটিউটের পানি সংকট নিরসন হয়।

এর আগে ২৮ অক্টোবর থেকে হাসপাতালের বিভিন্ন বিভাগে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে চিকিৎসাধীন রোগী, স্বজন ও কর্মকর্তা-কর্মচারীদের বাইরে থেকে কিনে এনে পানি পান করতে হয়। এছাড়া ব্যাহত হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অস্ত্রোপচারকক্ষের কার্যক্রমও।

এ বিষয়ে হাসপাতালের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পানির স্তর নিচে নেমে যাওয়ায় হাসপাতালের পাম্প থেকে পানি উঠছে না। ফলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

হাসপাতালের পরিচালক ডা. মীর জামাল উদ্দিন জানান, পাম্প থেকে পানির স্বাভাবিক সরবরাহ না থাকায় সাময়িক সংকট দেখা দেয়। তবে হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়নি। গত দুদিন জাতীয় কিডনি হাসপাতাল থেকে বিকল্প উপায়ে পানির ব্যবস্থা করা হয়। ওয়াসা কর্তৃপক্ষ আজ তাদের লাইন থেকে সরাসরি পানি সরবরাহের ব্যবস্থা করেছেন। ফলে পানির সংকট দূর হয়েছে।

এছাড়া পানি সংকটে অস্ত্রোপচারে বিঘ্ন ঘটেনি। শনিবার (৩০ অক্টোবর) আমিই পাঁচজন রোগীকে অস্ত্রোপচার করেছি বলে জানান তিনি।
 

Link copied!