রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩০ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (৩১ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
রোববার (৩১ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।
এ সময় গ্রেপ্তার ৪৫ জনের কাছ থেকে ২৪ গ্রাম ২৩৩ পুরিয়া হেরোইন, ৫ হাজার ৬৭২ পিস ইয়াবা, ১ কেজি ৩১৮ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা ও ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয় বলে জানান ডিসি।
এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।






























