করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে।
রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় করোনা শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৪৮৫টি। সেই হিসেবে করোনা শনাক্তের হার ১.৪৯ শতাংশ।
শনিবারও করোনায় ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন ১ দশমিক ৮৫ শতাংশ হারে মোট শনাক্ত ছিল ২৭৮ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩১ হাজার ৩২৭ জন।
মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রামের ২ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। বাকি ৫ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।






























