দুর্গাপূজার মধ্যে এবং পরে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার দায় ফেসবুক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
রোববার সচিবালয়ে সম্পাদক ফোরামের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করে তিনি বলেন, “এসব ঘটনায় ফেসবুককে নোটিশ পাঠানো হবে।”
তথ্যমন্ত্রী বলেন, ‘কুমিল্লার যে ঘটনা সেটি যদি সোস্যাল মিডিয়ায় আপলোড না হতো তাহলে এটা বিস্তৃত হয়ে সারা দেশে এ পরিস্থিতি তৈরি হতো না। রংপুরের পীরগঞ্জের ঘটনাও কিন্তু স্যোসাল মিডিয়ার কারণে, স্যোসাল মিডিয়ার একটি পোস্টের কারণে ঘটেছে।”
ফেসবুক কর্তৃপক্ষকে নোটিশ করা হবে বলে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “এটি ফেসবুক পোস্টের জন্যই এককভাবে হয়েছে, তা নয়। তবে এটি ফেসবুকে আপলোড না হলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এ পরিস্থিতি তৈরি হতো না। এটির সঙ্গে যারা যুক্ত সবাই কিন্তু দায়ী। অবশ্যই আমরা ফেসবুক কর্তৃপক্ষকে নোটিশ করব। এখানে তারা দায় এড়াতে পারে না। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেখানেও স্যোসাল মিডিয়া দায় এড়াতে পারে না।”
হাছান মাহমুদ বলেন, “ইউরোপেও একটি সার্ভেতে উঠে এসেছে সেখানে ৮০ ভাগ মানুষ মনে করে স্যোসাল মিডিয়া অনেক ক্ষেত্রেই গণতন্ত্রের জন্য হুমকি, সমাজের স্থিতিশীলতা, শান্তির জন্য হুমকি। আমি মনে করি, যে ঘটনাগুলো ঘটেছে এটির দায় স্যোসাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না। এটি নিয়ে ভাবার বিষয় আছে। বিশ্বব্যাপী এটি একটি উদ্বেগ তৈরি করেছে, শুধু আমাদের দেশে নয়।”
তথ্যমন্ত্রী আরো বলেন, “আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটেছে ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ার জন্য বা উসকানিমূলক পোস্ট দেওয়ার জন্য। এটার দায় ফেসবুক বা সংশ্লিষ্ট সোস্যাল মিডিয়া কর্তৃপক্ষ এড়াতে পারে না। এ নিয়ে আমাদের ভাবার প্রয়োজন আছে।”
দুর্গাপূজায় সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর ছড়িয়ে পড়ে সহিংসতা। ওই ঘটনার জেরে চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট ও রংপুরসহ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটে। আহত হন অনেকে।






























