কুমিল্লায় ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৪:২০ পিএম
কুমিল্লায় ঘটনা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে : আইনমন্ত্রী

কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “পূজামণ্ডপে হামলা মামলার যখন প্রতিবেদন পাওয়া যাবে তখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে।”

শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে নবাগত সাব-রেজিস্ট্রারদের বরণ এবং রেজিস্ট্রার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “ভিডিও দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ভিডিও এভিডেন্স গ্রহণ করার একটা ধারা আছে। সে ধারায় কোনো অসুবিধা হবে না। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে।”

নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো. জিয়াউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক প্রমুখ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, তা খুবই দুঃখজনক। এ ঘটনায় অপরাধী যে-ই হোক না কেন, তার বিচার করা হবে।”

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কথিত ‘কোরআন অবমাননার’ অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বিভিন্ন থানায় আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানায় পাঁচটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি ও দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে। ৯১ জনের নাম উল্লেখ করে মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার ঘটনার পর গত কয়েক দিনে চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Link copied!