গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষক আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৩:১৭ পিএম
গুজব ছড়ানোর অভিযোগে বদরুন্নেসার শিক্ষক আটক
ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশজুড়ে চলমান ধর্মীয় উত্তেজনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের রুমা সরকার নামের এক শিক্ষককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি ওই কলেজের একজন সহকারী অধ্যাপক বলে জানা গেছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “ফেসবুক ব্যবহার করে পুরনো একটি মিথ্যা ভিডিও ভাইরাল করেন আটক রুমা সরকার। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এজন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, “মামলা হবে কি না, এখনই বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!