স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ (১৮ অক্টোবর)।
দিনটি এ বছর থেকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু চক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেদিন ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পায়নি শিশু রাসেল। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা তাকেও নির্মমভাবে হত্যা করে। মৃত্যুকালে শিশু রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তেন।
এদিকে জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সব শহীদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো গ্রহণ করেছে ব্যাপক কর্মসূচি।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। বঙ্গবন্ধু এভিনিউয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
একইসঙ্গে তিনি সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
১৯৬৪ সালের এ দিনে ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।


































