ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিল করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভায় কমিটির (একনেক) বৈঠকে এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন।
শামসুল আরেফিন বলেন, “ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প বাতিলের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। যার ফলে পিপিপিতে হচ্ছে না ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের বদলে এখন ঢাকা–চট্টগ্রাম বিদ্যমান ৪ লেন মহাসড়ক আরও প্রশস্তকরণ এবং সড়কের উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ করা হবে।”
ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের প্রস্তাব ২০১৩ সালের ১৩ মার্চের সিসিইএ সভায় নীতিগত অনুমোদন পরবর্তী সমীক্ষা পরিচালনা এবং বিশদ নকশা প্রণয়ন করা হয়।
বর্তমানে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত আট লেন রয়েছে। যে কারণে কাঁচপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।






























