সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেনের মৃত্যুজনিত কারণে The International Crimes (Tribunals) Act, 1973 এর Section 6 (4) এর বিধান মোতাবেক সরকার উক্ত সদস্য পদটি শূন্য ঘোষণা করছে। সেই সঙ্গে পদটিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. কে এম হাফিজুল আলম ২০০২ সালের ২৯ জানুয়ারি জেলা জজ আদালতে, ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে এবং ২০১৮ সালের ২৯ মার্চ আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হন।
গত ২৪ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আমির হোসেনের মৃত্যু হয়।






























