রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় ছিনতাকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে মো. মিন্টু (৫০) নামে এক হোটেল ম্যানেজার আহত হয়েছেন।
শুক্রবার (১৫ অক্টোবর) হোটেল বন্ধ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আলম বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার পর মিন্টু হোটেল বন্ধ করে জুরাইনের বাসায় উদ্দেশ্যে বের হন। বাস টার্মিনাল পার হয়ে কিছু দূর যাওয়ার পর ছিনতাইকারীরা তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দিতে না চাইলে তার গলায় ও পায়ে ছুরিকাঘাত করে সব কিছু নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।”
মালিক আলম আরও বলেন, “তার শরীর থেকে অনেক রক্ত গেছে। তাকে রক্ত দেওয়া হয়েছে। মিন্টু ১৪ বছর ধরে আমার হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।”
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ভোরে একজনকে রক্তাক্ত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার গলায় ও পায়ে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান তিনি।






























