বিএনপি নতুন করে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৫ অক্টোবর) নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাত ছিল দুঃস্বপ্নের। ভয় হতো, এই বুঝি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে, বাড়িঘরে হামলা হলো। তারা আবার নতুন করে সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছে এবং সহযোগিতা করছে।”
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, “বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। কারণ, তারা গত এক যুগ ধরে নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এ দেশের জনগণ, কাজেই দুঃস্বপ্ন বিএনপিই দেখছে।”
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, “আওয়ামী লীগ প্রতিমুহূর্তে দুঃস্বপ্ন দেখছে—এই বুঝি বিএনপি এলো, আওয়ামী লীগের ক্ষমতা গেল।”
সেতুমন্ত্রী আরও বলেন, “যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক।”
ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নিজেদের শাসনামলে দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। এটা প্রতিহিংসাপরায়ণ ও ব্যর্থ বিএনপির ঈর্ষাকাতরতা ছাড়া কিছুই নয়।”


































