গুজব সৃষ্টি করে অপপ্রচার চালানো হচ্ছে : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০২:২৪ পিএম
গুজব সৃষ্টি করে অপপ্রচার চালানো হচ্ছে : কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকতে হবে।”

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি মহল। আমি মনে করি কুমিল্লার ঘটনাটি ঘৃণ্যতম কাজ। যেটা সংঘটিত হয়েছে, সেটা সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ।”

সেতুমন্ত্রী আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এমন ব্যক্তি বা গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার বদ্ধপরিকর। এজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে বুধবার (১৩ অক্টোবর) সকালে কুমিল্লায় একটি মন্দিরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারাও তোপের মুখে পড়ে। এ সময় বাধে সংঘর্ষ।

দুর্গাপূজার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিকেলে ধর্ম মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় বলেছে, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাসংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।”

এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধও জানায় ধর্ম মন্ত্রণালয়।

Link copied!