• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

জাপার মনোনয়ন পেলেন শেরিফা কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৫:৩৮ পিএম
জাপার মনোনয়ন পেলেন শেরিফা কাদের

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্যপদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরিফা কাদের।

বুধবার (১৩ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন।

খন্দকার দেলোয়ার জালালী বলেন, জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর মারা গেলে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। পরে এ আসনে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, “আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রার্থীর পক্ষে প্রস্তাবক বা সমর্থক নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর ১৮ অক্টোবর বাছাইয়ের পর ২৩ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।”

শেরিফা কাদের দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি। জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের দীর্ঘ ২০ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। প্রায় এক যুগ আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ তাকে দলের ভাইস চেয়ারম্যান নিয়োগ দেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা গেলে সংরক্ষিত এই আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে এ আসনে জাতীয় পার্টি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, তিনিই নির্বাচিত হবেন।

অন্যদিকে চলতি একাদশ সংসদে জাতীয় পার্টির জন্য চারটি সংরক্ষিত আসন রয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!