হাসপাতালে যাবেন খালেদা জিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০২:২৯ পিএম
হাসপাতালে যাবেন খালেদা জিয়া
ফাইল ছবি

স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের রাজধানীর বেসরকারি এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালে যাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, “এমনিতে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো আছে। কোনো সমস্যা নেই। উনি যেহেতু করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন, তখন অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। আজকে সেইগুলোর ফলোআপ করাতে ওনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।”

এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন, ডা. আল মামুনের থাকার কথা রয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

Link copied!