দুর্গাপূজার মণ্ডপে আগত নারীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি রোধে মোবাইল কোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
সোমবার (১১ অক্টোবর) মহাষষ্ঠীর দিন দুপুরে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে র্যাব ডিজি এই কথা জানান।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, “শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রতি বছরের মতো এবারও র্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গত ৫ অক্টোবর থেকে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।”
র্যাব ডিজি বলেন, “দুর্গাপূজার পাঁচ দিন র্যাবের ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজা মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে। মাদক, অস্ত্র উদ্ধারসহ যেকোনো পরিস্থিতির জন্য র্যাবের ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।”
“এছাড়া পূজা মণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। যেকোনো নাশকতা হামলা মোকাবেলার জন্য র্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে র্যাবের এয়ার উইং হেলিকপ্টার নিয়ে প্রস্তুত থাকবে”—যোগ করেন তিনি।
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, “আমাদের সকল ব্যাটালিয়ন নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের এলাকাগুলোতে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করবে। নাশকতাসহ যেকোনো অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্তসংখ্যক টহল মোতায়েন এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ র্যাব সর্বদা প্রস্তুত রয়েছে। সকল মেট্রোপলিটন শহর, জেলা শহর, উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে।”
এখন পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি বলেও জানান র্যাবের এই মহাপরিচালক। তিনি বলেন, “ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।”
এ সময় র্যাব মহাপরিচালক সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার অনুরোধ জানান। পাশাপাশি ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ না করা এবং সকলে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার উপদেশ দেন।



































