এবার কিউলেক্স মশার বিস্তার রোধে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শনিবার (৯ অক্টোবর) খিলগাঁও তালতলা নতুনবাগ পানির পাম্প এলাকায় এডিস ও কিউলেক্স মশার বিস্তার রোধে মশক নিধনে বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ আহ্বান জানান।
এ সময় সাংবাদিকদের সামনে রাজধানীতে মশার প্রকোপ বৃদ্ধি ও তা রোধে নেওয়া নানা পদক্ষেপসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন মেয়র।
এডিসের পাশাপাশি কিউলেক্স মশার বিস্তার রোধে এ ছয়দিনব্যাপী এ অভিযান চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, “এডিস মশার জন্ম হয় বাসাবাড়ির স্বচ্ছ পানিতে। আর খাল, বিল, ঝিল, ডোবা, নালা, ড্রেন, কচুরিপানা, অস্বচ্ছ ময়লা পানিতে কিউলেক্স মশার জন্ম হয়। ফলে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবং নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করতে হবে।”
মেয়র বলেন, “নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে সুপরিকল্পিত জলাধার থাকা প্রয়োজন। কিন্তু খালগুলো অবৈধভাবে দখল ও ভরাটের কারণে সেগুলোতে পানির কোনো প্রবাহ নেই। তাই বিনা নোটিশেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।”
পরে মেয়রের উপস্থিতিতে খিলগাঁও তালতলা নতুনবাগ এলাকায় ফগিং ও লার্ভিসাইডিংসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস. এম. শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক এবং স্থানীয় কাউন্সিলর শাখাওয়াত হোসেন প্রমুখ।



































