• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

একনেকে ৯ প্রকল্প অনুমোদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০২:২৭ পিএম
একনেকে ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬ হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প চারটি আর সংশোধিত প্রকল্প পাঁচটি।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বৈঠকে যুক্ত হন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন।

৯ প্রকল্পে সরকারি অর্থায়নে ৩ হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব ঋণ ২৬ কোটি ২২ লাখ টাকা ও বৈদেশিক ঋণ ২ হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করা হবে।

একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো সায়েদাবাদ পানি শোধনাগার (ফেজ-৩) (প্রথম সংশোধিত), কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ (প্রথম সংশোধিত), কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, কুষ্টিয়া (দ্বিতীয় সংশোধিত), জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নদীতীর সংরক্ষণ, ছোট নদী, খাল-বিল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন, শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা, বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন (প্রথম সংশোধিত) ও খুলনা হতে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!