আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ : ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০২:৩২ পিএম
আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ : ফখরুল

নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান মির্জা ফখরুল।

‘২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বিএনপি।

সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচন-নির্বাচন খেলা আর হবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।”

এ সময় আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনাদের দিন ঘনিয়ে এসেছে, দিন শেষ।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “মানুষের ভাষা পড়েন, দেয়ালের ভাষা পড়েন। তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে সরে যান। নিরপেক্ষ সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশ নেব না।”

দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, “আমাদের দায় আছে, বিএনপিকে এই দায় বহন করতে হবে। সুশৃঙ্খলভাবে মাঠ বোঝাই করবেন, যখন আন্দোলনের ডাক আসবে। তখন রাস্তা বোঝাই করবেন, মাঠ বোঝাই করবেন। আন্দোলন ছাড়া এই দানবকে সরানো যাবে না। সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে গণ-অভ্যুত্থান ঘটাতে হবে।”

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “নিজের চেহারার দিকে দেখুন। খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। যখনই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, ‘সিধা পথে। বাঁকা পথে আসেননি’।”

“পেছনের পথ দিয়ে ক্ষমতায় আপনারা আসেন। মঈন-ফখরুদ্দিনের সঙ্গে সন্ধি করে ক্ষমতায় এসেছেন—এ কথা দেশের মানুষ জানে। এখনো তাদের সঙ্গে আঁতাত করেই খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছেন। তারেক রহমানকে মিথ্যা মামলায় আট হাজার মাইল দূরে নির্বাসিত অবস্থায় আছেন।” যোগ করে তিনি।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এ জেড এম জাহিদ হোসেন, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।

Link copied!