নাসির-তামিমার বিয়ে বৈধ উপায়ে হয়নি: পিআইবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১১:৪৩ এএম
নাসির-তামিমার বিয়ে বৈধ উপায়ে হয়নি: পিআইবি

ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি বলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) প্রতিবেদনে উঠে এসেছ। প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা  ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। 

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে এ প্রতিবেদন দাখিল করেছেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান।

প্রতিবেদনে বলা হয়, রাকিবকে তালাক দেননি তামিমা। আইনি তালাকের কোনো নোটিশও পাননি রাকিব। তামিমা জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক সম্পন্ন না হওয়ায় তামিমা এখনো রাকিবের স্ত্রী বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।  

রাকিবের আইনজীবী ইশরাত হাসান জানান, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদীর (রাকিব হাসান) সঙ্গে ১ নম্বর আসামি তামিমা সুলতানার ইসলামি শরিয়ত মোতাবেক ৩ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয়। বিয়ের পর থেকে তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন। তাদের তোবা হাসান নামের এক মেয়ে রয়েছে, যার বর্তমান বয়স ৮ বছর।

Link copied!