বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের সঙ্গে আবারও সংসার করতে চান জাপানি চিকিৎসক নাকানো এরিকো। একই সঙ্গে মান-অভিমান ভুলে ইমরান শরীফসহ দুই সন্তানকে নিয়ে জাপানে ফিরে যেতে চান তিনি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাপানি নারীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
শিশির মনির বলেন, “ইমরান শরীফের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদের মাধ্যমে আমরা এ প্রস্তাব দিয়েছি। দুই শিশুর সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণের কথা চিন্তা করে নাকানো এরিকো বাংলাদেশি নাগরিক ইমরানের সঙ্গে সংসার করতে চান। আমরা আদালতের কাছে এ বিষয় তুলে ধরব।”
এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাপানি শিশুদের নিয়ে বাবা-মাকে সমঝোতার বিষয়ে উভয় পক্ষের আইনজীবীদের দায়িত্ব দিয়েছিলেন হাইকোর্ট। এক্ষেত্রে জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদকে মুরুব্বির ভূমিকা পালন করতে বলেছিলেন।
ওই সময় আদালত বলেছিলেন, শিশুদের নিয়ে সুন্দর সমাধান হলে তাদের ভবিষ্যৎও ভালো হয়, দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয়। এতে দেশ-বিদেশ সবার জন্য ভালো হবে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা মুলতবি করেছিলেন আদালত। এ সময়ে পর্যায়ক্রমে গুলশানের বাসায় একদিন করে মা ও একদিন করে বাবা শিশুদের সঙ্গে থাকার কথা বলা হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ওই দিন এ আদেশ দেন।
আদালতে শিশুদের বাবার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। শিশুদের মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।






























